জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম দিনেই ১০টি নির্ধারিত কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন তাঁর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৮টায় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে সফরের প্রথম দিনের কর্মসূচি তুলে ধরে এ তথ্য জানান তিনি। মাহদী আমিন বলেন, এসব কর্মসূচিতে বাংলাদেশের স্বার্থ, জনগণের প্রত্যাশা এবং আন্তর্জাতিক পরিসরে দেশের মর্যাদাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি জানান, প্রধানমন্ত্রীর প্রথম দিনের কর্মসূচিতে ব্যক্তিগত ও বহুপক্ষীয় আয়োজনের পাশাপাশি আঞ্চলিক ও দ্বিপক্ষীয় বৈঠক, রোহিঙ্গা সংকট এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা ছিল।
দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আয়োজনে বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে দেওয়া প্রাতরাশে অংশ নেন। পরে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী কার্যক্রমে যোগ দেন।
প্রথম দিনে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ হুসেইন মোহাম্মদ লতিফের সঙ্গে পৃথক বৈঠক করেন তারেক রহমান। বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর বিষয় উঠে আসে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক এবং বিভিন্ন বহুপক্ষীয় ইস্যুতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বৈঠকে এরদোয়ান তারেক রহমানকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলে জানান মাহদী আমিন।
এ ছাড়া হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমের সঙ্গে সাইডলাইন বৈঠকে হাইতির আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দেশটিতে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
প্রথম দিনের কর্মসূচিতে রোহিঙ্গা সংকটও গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার বারহাম সালিহের সঙ্গে বৈঠক করেন। এসব আলোচনায় বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
মাহদী আমিন জানান, বুধবার জাতিসংঘে রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ও গাম্বিয়া যৌথভাবে ওই অনুষ্ঠানের আয়োজন করছে।
বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। এতে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক অগ্রগতি এবং বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাণিজ্য, নিয়ন্ত্রণব্যবস্থার সংস্কার ও অর্থনৈতিক উন্নয়নসহ সরকারের বিভিন্ন অগ্রাধিকারও আলোচনায় আসে।
মাহদী আমিন বলেন, প্রথম দিনের নির্ধারিত কর্মসূচির মধ্যে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক এবং মেটার সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়নি। তবে মেটার সঙ্গে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক হয়েছে। সেখানে বাংলাদেশে মেটার বিপুলসংখ্যক ব্যবহারকারীসহ বিভিন্ন সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রধানমন্ত্রীর প্রথম দিনের কর্মসূচির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে দেওয়া অভ্যর্থনাতেও তিনি অংশ নেন।
আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে প্রথমবারের মতো ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।





