নূর হোসেন কে বেনাপোল দিয়ে ফেরত পাঠানোর সিদ্ধান্ত

যশোর প্রতিনিধি: নারায়নগঞ্জের সাত খুন মামলার আসামি নূর হোসেনকে বেনাপোল দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচারিক হাকিমের আদালত এ ব্যাপারে শুক্রবার দুপুরে এ আদেশ দিয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নূর হোসেনের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে।

বারাসাত আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বিকাশ রঞ্জন দে বলেন, ভারতীয় ফৌজদারি কার্যবিধির ৩২১ ধারায় রাষ্ট্রপক্ষ আদালতে আবেদন জানিয়েছে। ওই ধারায় বলা হয়েছে, সরকার ইচ্ছা করলে যেকোনো মামলা প্রত্যাহার বা আসামিকে ওই মামলার দায় থেকে অব্যাহতি দিতে পারে।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, নূর হোসেনকে ভারত থেকে আনার ব্যাপারে সব ধরনের আইনগত জটিলতা শেষ হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি এখন সময়ের ব্যাপার মাত্র। নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে ২০১৪ সালের ২৭ এপ্রিল অপহরণ করে হত্যা করা হয়। এ ঘটনায় করা দুটি মামলার প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেন ঘটনার পরপরই ভারতে পালিয়ে যান। এরপর কলকাতা শহরের অদূরে বাগুইহাটি নামের একটি আবাসনে আশ্রয় নেন। সেখান থেকে ভারতীয় পুলিশ তাকে গ্রেফতার করে। অবৈধভাবে ভারতে অবস্থানের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মুখ্য বিচারিক হাকিমের আদালতে সেই মামলায় তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে।

বারাসাত পুলিশের উর্ধতন কর্মকর্তা জানান, গত ১৮ আগস্ট এ মামলায় নূর হোসেনসহ তার সঙ্গে গ্রেফতার হওয়া আরও দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করে। এরপর বাংলাদেশ সরকার নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠাতে অনুরোধ করে।সে মোতাবেক নূর হোসেন কে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় ইতিমধ্যে নূর হোসেনকে মামলা থেকে অব্যাহতি দিয়ে আইন মোতাবেক ফেরত পাঠানোর নির্দেশ দেয়।পাশাপাশি পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও নূর হোসেনকে অবিলম্বে মামলার দায় থেকে অব্যাহতি দিয়ে শুক্রবার তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয়। এসব নির্দেশ আসার পর বারাসাতের সরকারি কৌঁসুলি এই মামলা থেকে নূর হোসেনকে অব্যাহতি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য আদালতে আবেদন জানান। গত ২১ সেপ্টেম্বর এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও মুখ্য বিচারকের অনুপস্থিতিতে সেই মামলার শুনানি আজ শুক্রবার হয়েছে।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বিকাশ রঞ্জন দে জানান, রাজ্য প্রশাসনিক পর্যায় থেকেও নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। আদালত যেদিন নির্দেশ দেবেন, সেদিনই নূর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। বারাসাত আদালত সুত্র থেকে জানা যায় শুক্রবারের পর যে কোন দিন বেনাপোল দিয়ে নারায়নগঞ্জের আলোচিত সেভেন মার্ডারের আসামী নুর হোসেন দেশে ফিরে আসবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।