গোপালগঞ্জের কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিটি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মহসীন, শিক্ষক হাসান মাহমুদ নাসিরউদ্দিন, রুহুল আমীন শেখ প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, জাতি গঠনে এবং একটি আদর্শ ও মূল্যবোধসম্পন্ন সমাজ বিনির্মাণে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। মানসম্মত ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে শিক্ষকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং সুযোগ-সুবিধা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যকার সম্পর্ক আরও আন্তরিক ও শ্রদ্ধাপূর্ণ করার আহ্বান জানিয়ে বক্তারা নতুন প্রজন্মের মেধা বিকাশে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালনের অনুরোধ জানান।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।





