আঞ্চলিক সহযোগিতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক জোরদার করতে পারলে বাংলাদেশ এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে একযোগে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে উন্নয়নের পথে আরও এগিয়ে যেতে পারবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এর সমাপনী দিনের একটি অধিবেশনে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, প্রতিটি দেশের সঙ্গে সমতা, ন্যায্যতা ও ন্যায়বিচারের ভিত্তিতে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার সুযোগ রয়েছে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ, কানেক্টিভিটি, প্রযুক্তি এবং সামুদ্রিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও বাড়াতে হবে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বাংলাদেশ বর্তমানে প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। তাদের জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীজনদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে।
প্রযুক্তির দ্রুত পরিবর্তন নিয়েও কথা বলেন মাহদী আমিন। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাবে কিছু প্রচলিত কর্মসংস্থান কমে যেতে পারে। তবে সময়োপযোগী প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং শিক্ষাক্রম আধুনিকায়নের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।
জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। মাহদী আমিন জানান, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পাশাপাশি ২০ হাজার খাল ও নদী খননের পরিকল্পনা রয়েছে। পানি সংরক্ষণে পদ্মা ব্যারেজ নির্মাণ এবং তিস্তা ব্যারেজের মাস্টার প্ল্যান প্রণয়নের উদ্যোগও নেওয়া হয়েছে।
গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে।





