হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে উপজেলার রুকুনপুর বাজারের দক্ষিণ পাশে বড়চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন ঘটনাস্থলে এবং অপর দুজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতরা হলেন নবীগঞ্জ উপজেলার কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে মাওলানা মশহুদ আহাম্মদ (৪০), ইনাতগঞ্জ বাজার এলাকার আব্দুল করিমের ছেলে ময়না মিয়া (৪২) এবং দক্ষিণ গ্রাম, ইনাতগঞ্জ এলাকার ময়না মিয়ার ছেলে কাশেম মিয়া (৫০)।
শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঢাকামুখী একটি পিকআপের সঙ্গে সিলেটমুখী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা মাওলানা মশহুদ আহাম্মদ ঘটনাস্থলেই মারা যান। এ সময় পিকআপের চালকসহ কয়েকজন আহত হন।গুরুতর আহত ময়না মিয়া ও কাশেম মিয়াকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। পরে বাস ও পিকআপটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়।শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনায় মোট তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

