সুজন চক্রবর্তী কক্সবাজারঃ কক্সবাজারের কিংবদন্তিতুল্য রাজনীতিবিদ অ্যাডভোকেট জহিরুল ইসলাম (৮৫) এর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় আজ মঙ্গলবার বিকেলে শহরের বইল্যাপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে চট্টগ্রামে অসুস্থ অবস্থায় তিনি ইন্তেকাল করেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাডভোকেট জহিরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করে বাণী দিয়েছেন।
প্রয়াত অ্যাডভোকেট জহিরুল ইসলাম ছিলেন আজীবন সৎ এবং স্বচ্ছ রাজনীতির পথিকৃৎ, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকক, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য, সাবেক মহকুমা গভর্নর, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সর্বশেষ গণফোরামের কেন্দ্রীয় নেতা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৩ কন্যাসহ অগণিত আত্নীয়-স্বজন রেখে গেছেন।
আজ জোহরের নামাজের পর কক্সবাজার বায়তুশ শরফ মসজিদ প্রাঙ্গণে প্রয়াত রাজনীতিককে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত পরিসরে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় কক্সবাজারের স্থানীয় এমপি সাইমুম সরওয়ার কমল ও আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মো. কামাল হোসেন ও পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব) ফোরকান আহমেদ, কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট জহিরুল ইসলামের বর্ণাঢ্য জীবনের সারাংশ-
অ্যাডভোকেট জহিরুল ইসলাম। তিনি পেশায় একজন আইনজীবী এবং আদর্শিক চেতনার একজন রাজনীতিবিদ। ১৯৬৪-তে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠন প্রক্রিয়ায় তিনি আওয়ামী রাজনীতির সাথে জড়িত হন মহকুমা আওয়ামীলীগ থেকে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে ১৯৯৩ সালের আগস্ট মাস পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৭০ এর চকরিয়া-কুতুবদিয়া সংসদীয় আসন থেকে আওয়ামীলীগের সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন এবং সংবিধান প্রনয়ন কমিটির সদস্য হিসাবে কাজ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকশাল পদ্ধতির প্রবর্তন করলে এডভোকেট জহিরুল ইসলামকে কক্সবাজার জেলার গভর্নর হিসেবে নিয়োগ দেন।
অ্যাডভোকেট জহিরুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন স্বনামধন্য আইনজীবী। তিনি এদেশের প্রথিতযশা রাজনীতিবিদদেরও অন্যতম ও বাংলাদেশ বার কাউন্সিল এর সদস্য ছিলেন। একজন সচেতন নাগরিক হিসেবে তিনি সমাজের ভাঙ্গা-গড়া দেখেছেন, সামাজিক উন্নয়নের কথা ভেবেছেন এবং দেশ ও জাতির সমৃদ্ধির লক্ষ্যে নিবেদিত সমাজকর্মী হিসেবে কর্মমুখর জীবনযাপন করেছেন। প্রবীণ এই রাজনীতিবিদ দীর্ঘকাল বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পাকিস্তান আমলে ষাট-এর দশকে বাঙালী জাতীয়তাবাদী রাজনীতির উত্থানের কালে বঙ্গবন্ধুর হাত ধরে তার রাজনীতির হাতেখড়ি। ষাট এর দশকে নিজ যোগ্যতায় আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়েও নেতৃত্ব দিয়েছেন। তিনি আকর্ষণীয় বাচনভঙ্গিমার অধিকারী, রাজনৈতিক মহলে সুবক্তা হিসেবেও তিনি খ্যাত ছিলেন।
তিনি গতকাল ১৮ এপ্রিল দুপুর ২.৪৫ মিনিটে ইন্তেকাল করেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাডভোকেট জহিরুল ইসলাম এর মৃত্যু তে শোক প্রকাশ করেন। বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সম্পাদক ড.হাসান মাহমুদ ও প্রচার সম্পাদক বিপ্লব বড়ুয়া মরহুমের মৃত্যতে শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান।



