মন্টেনিগ্রোর শ্রমবাজারে বছরে ৫০ হাজারের বেশি কর্মীর প্রয়োজন হয়। এই সুযোগ কাজে লাগিয়ে দেশটিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়ে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ।
সোমবার (৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য গর্ডান স্টোজোভিচ। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে পর্যটন, নির্মাণ, আতিথেয়তা ও স্বাস্থ্যসেবা খাতে সরকারি পর্যায়ে (জি-টু-জি) বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি সহজে ওয়ার্ক পারমিট দেওয়া এবং শ্রম অভিবাসন নিয়ে প্রয়োজনীয় চুক্তি করার বিষয়েও আলোচনা করেন দুই পক্ষ।
দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও জোরদার করতে প্রতিনিধিদলের সফর বিনিময় এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এ লক্ষ্যে ‘বাংলাদেশ-মন্টেনিগ্রো সংসদীয় মৈত্রী গ্রুপ’ গঠনের প্রস্তাব নিয়েও মতবিনিময় করেন তারা।
বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বহুমুখী ও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। তৈরি পোশাকের পাশাপাশি বাংলাদেশের ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক এবং পাট ও পাটজাত পণ্য আমদানিতে আগ্রহ প্রকাশ করে মন্টেনিগ্রো।
অন্যদিকে, বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনাময় খাতগুলো তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এর মধ্যে কৃষি, কৃষি-খাদ্য প্রক্রিয়াজাতকরণ, সামুদ্রিক খাদ্য, পরিবেশবান্ধব পর্যটন, তৈরি পোশাক, নবায়নযোগ্য জ্বালানি এবং বর্জ্য ব্যবস্থাপনার কথা উল্লেখ করা হয়।
মন্টেনিগ্রোও নবায়নযোগ্য জ্বালানি ও পর্যটন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করে।
এ ছাড়া বৈঠকে শিক্ষা, নারীর ক্ষমতায়ন, ক্রীড়া ও সংস্কৃতি, কর্মসংস্থান, অভিবাসন, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়।





