পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার মামলায় গ্রেফতার পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে আদালতে তোলা হলে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোশারফ হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এসময় তিনি আদালত হাজতে ছিলেন এবং মঙ্গলবার আদালতে তার মামলার সরাসরি কোন শুনানি হয়নি। তবে তার রিমান্ড আবেদন করা হবে কিনা এবিষয়ে এখনো কিছু জানা যায় নি।
এর আগে ভোরে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়ার বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পুলিশ।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট পঞ্চগড়ে গণঅভ্যুত্থানে অংশ নিয়ে নিখোঁজ হন রিকশাচালক আল আমিন। ১০ সেপ্টেম্বর পঞ্চগড় সদর থানায় গুম ও হত্যার অভিযোগে সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি মামলা করেন আল আমিনের বাবা মনু মিয়া।
এছাড়াও তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে আল আমিনকে গুম ও হত্যা মামলা, বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগসহ ১২টি মামলা রয়েছে জানা গেছে।
পঞ্চগড় সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূইয়া মুক্তাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করে বলেন, আদালতে হাজিরের পর সাবেক এমপি মুক্তাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।





