রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও জোরালো উদ্যোগ চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টের বাংলাদেশবিষয়ক ‘অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ’ (এপিপিজি)-এর চেয়ার ও এমপি আফসানা বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও ভিত্তি শক্তিশালী করা এবং চলমান সংস্কার কার্যক্রমে যুক্তরাজ্য সরকারের অব্যাহত সহযোগিতার বিষয়টি তুলে ধরেন হুমায়ুন কবির। তিনি বাংলাদেশ সরকার, যুক্তরাজ্যের পার্লামেন্ট এবং যুক্তরাজ্যে বসবাসরত ব্রিটিশ-বাংলাদেশি জনগোষ্ঠীর মধ্যে যোগাযোগ তৈরিতে এপিপিজির ভূমিকারও প্রশংসা করেন।

বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি ও দেশের প্রকৃত পরিস্থিতি যুক্তরাজ্যের পার্লামেন্টে যথাযথভাবে তুলে ধরতে এপিপিজির সহযোগিতা কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলা এই সমস্যা এখন শুধু মানবিক সংকটের মধ্যে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা এবং অনিয়মিত অভিবাসনের মতো বৃহত্তর ঝুঁকিও যুক্ত হয়েছে। তাই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী উদ্যোগ প্রয়োজন।

ব্রিটিশ প্রতিনিধিদল জানায়, বুধবার (৭ অক্টোবর) তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার পরিকল্পনা করেছে। সংকট মোকাবিলায় রোহিঙ্গাদের প্রতি নিজেদের দৃঢ় সমর্থনের কথাও তারা পুনর্ব্যক্ত করে।

প্রতিনিধিদলের সদস্যরা বলেন, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি তাদের নিজ ভূখণ্ডে টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের পার্লামেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা অব্যাহত থাকবে।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা ও প্রতিনিধিদল বিনিময় আরও বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন, দক্ষতা উন্নয়ন এবং মানবাধিকারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনায় স্থান পায়।

এ ছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে দুই পক্ষ মতবিনিময় করে। এসব বিষয়ে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে উভয় পক্ষ।

যুক্তরাজ্যের প্রতিনিধিদলে এমপি শওকত আদম এবং হাউস অব লর্ডসের সদস্য লর্ড কুরবান হোসেনও উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।