কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার মোহাম্মদ আব্দুল মুহিত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) লন্ডনের মার্লবোরো হাউসে অবস্থিত কমনওয়েলথ সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন।
সাক্ষাৎকালে কমনওয়েলথের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও সম্পৃক্ততা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন দুই পক্ষ। এ সময় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় আসন্ন কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের প্রস্তুতি, কমনওয়েলথ বোর্ড অব গভর্নরসের নির্বাহী সদস্য হিসেবে বাংলাদেশের নীতিগত অবদান এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় হয়।
এ ছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, যুব উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।





