চিকিৎসকদের দায়িত্বে অবহেলার কারণে কোনো রোগী যেন ক্ষতির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলনকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলে প্রায় ৫০ লাখ মানুষের বসবাস। জেলার মানুষের চিকিৎসাসেবার জন্য একটি জেনারেল হাসপাতাল ও একটি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। জেনারেল হাসপাতালের সেবার মান আরও উন্নত করার বিষয়েও কাজ করা হচ্ছে।
তিনি বলেন, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবার ওপর মানুষের আস্থা রয়েছে। ঢাকার হাসপাতালের পাশাপাশি এখান থেকেও উন্নত চিকিৎসা পাওয়ার সক্ষমতা রয়েছে—এমন ধারণা মানুষের মধ্যে তৈরি হয়েছে, যা ইতিবাচক দিক।
হাসপাতালের সেবার মান আরও বাড়াতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সম্মিলিতভাবে কাজ করলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা সম্ভব। প্রত্যেককে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। বিশেষ করে চিকিৎসকদের দায়িত্বে অবহেলার কারণে কোনো রোগী যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেদিকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
সভায় হাসপাতালের জনবল সংকট দ্রুত সমাধানের আশ্বাস দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি রোগী ও স্বজনদের অভিযোগ জানানোর সুবিধার্থে স্বচ্ছ অভিযোগ বক্স স্থাপনের নির্দেশ দেন তিনি।
সমন্বয় সভায় হাসপাতালের সার্বিক সেবাব্যবস্থা, বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে চিকিৎসক ও অন্যান্য জনবলের ঘাটতি, ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সরবরাহ, রোগীদের পরীক্ষা-নিরীক্ষার মান, ওয়ার্ডের পরিবেশ, খাবারের মান এবং চিকিৎসকদের নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করার বিষয় গুরুত্ব পায়।
এ ছাড়া হাসপাতাল এলাকায় দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ, প্রধান গেটের সামনে অবৈধ দোকান উচ্ছেদ, অবকাঠামোগত সমস্যা সমাধান, টয়লেটের পরিচ্ছন্নতা, দুর্নীতিমুক্ত প্রশাসন, ফরেনসিক বিভাগ চালু এবং অ্যাম্বুলেন্স সেবার মান উন্নয়ন নিয়েও আলোচনা করা হয়।
পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। পরে হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস স্বাগত বক্তব্য দেন এবং হাসপাতালের বর্তমান কার্যক্রম, সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন।
সভায় জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আবু হানিফ, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, টাঙ্গাইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল, বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখার সভাপতি ডা. আব্দুল মতিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় চিকিৎসক, সাংবাদিক এবং বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফখরুল আমিন বাদল সভাটি সঞ্চালনা করেন।





