সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা: আইনমন্ত্রী

সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা: আইনমন্ত্রী
সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা: আইনমন্ত্রী

সাবরেজিস্ট্রারদের বিরুদ্ধে দুর্নীতি বা অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তবে নির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া কাউকে হয়রানি করা হবে না বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে ঢাকা জেলার সাবরেজিস্ট্রি অফিসগুলোর নির্ধারিত পদে লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি কার্যক্রমের অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী।

মো. আসাদুজ্জামান বলেন, সাবরেজিস্ট্রারদের বদলি ও পদায়ন নিয়ে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে নেতিবাচক ধারণা রয়েছে। একদিনে এ পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। তবে পরিবর্তনের উদ্যোগ কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে। লটারির মাধ্যমে বদলি কার্যক্রমের মধ্য দিয়ে সেই প্রক্রিয়া শুরু হয়েছে।

আইনমন্ত্রী বলেন, ঢাকায় পোস্টিংকে অনেক সময় ‘প্রাইস পোস্টিং’ হিসেবে দেখা হয়। প্রচলিত ধারণা হলো, ঢাকায় যাদের পদায়ন করা হয় তারা তুলনামূলকভাবে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন। তাই এই কথিত ‘প্রাইস পোস্টিং’-এর ক্ষেত্রেই প্রথমবার লটারির ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, সাবরেজিস্ট্রারদের বদলি নিয়ে বিভিন্ন সময়ে নানা অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের অভিযোগের অবসান ঘটিয়ে বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই লটারির পদ্ধতি চালু করা হয়েছে।

ঢাকা জেলার জন্য লটারিতে নির্বাচিত ১৮ জন সাবরেজিস্ট্রারকে তাদের যোগ্যতা এবং সংশ্লিষ্ট কার্যালয়ের কাজের চাপ বিবেচনায় নিয়ে বিভিন্ন স্থানে পদায়ন করা হবে বলেও জানান আইনমন্ত্রী।

দুর্নীতি প্রতিরোধে মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্ব দিয়ে মো. আসাদুজ্জামান বলেন, দুর্নীতি বন্ধ করতে হলে সবার চিন্তাভাবনা ও মানসিকতায় পরিবর্তন আনতে হবে। সরকারি দপ্তরে দুর্নীতির যে পরিবেশ তৈরি হয়েছে, সরকার তা দূর করতে চায়। লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি সেই উদ্যোগেরই একটি অংশ।

আইনমন্ত্রী আরও বলেন, কোনো সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। আবার নির্ভরযোগ্য অভিযোগ ছাড়া কাউকে হয়রানিও করা হবে না।

তিনি জানান, দেশে মোট ৩৭২টি সাবরেজিস্ট্রার পদের মধ্যে বর্তমানে ১৩৯টি পদ শূন্য রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।