সরকারি চাকরিজীবীদের ৩ খাতের আয়ে কর, করমুক্ত ৪২ ভাতা

সরকারি চাকরিজীবীদের ৩ খাতের আয়ে কর, করমুক্ত ৪২ ভাতা
সরকারি চাকরিজীবীদের ৩ খাতের আয়ে কর, করমুক্ত ৪২ ভাতা

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চলতি মাসের বেতনের সঙ্গে নতুন বেতন কাঠামোর বর্ধিত অংশ পাওয়া শুরু করলেও এবারের আয়কর রিটার্নে সেটি অন্তর্ভুক্ত করতে হবে না।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিয়ম অনুযায়ী, ২০২৬-২৭ করবর্ষে ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত অর্জিত আয়ের ভিত্তিতেই কর নির্ধারণ করা হবে।

দেশে বর্তমানে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। আয়কর আইন অনুযায়ী, দশম গ্রেড বা তার ওপরে থাকা সরকারি কর্মকর্তাদের আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। নির্ধারিত সময়ে রিটার্ন দাখিল না করলে পরবর্তী সময়ে বেতন-ভাতা উত্তোলনে জটিলতা তৈরি হতে পারে। তবে অন্যান্য কর্মচারীদের জন্য এখনো রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়।

এদিকে নতুন বিধান অনুযায়ী, করদাতারা এখন বছরের যেকোনো সময়ে আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবেন।

যে ৩ খাতের আয় করযোগ্য

এনবিআরের বিদ্যমান আয়কর আইন ও নির্দেশনা অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সব ধরনের আয় করযোগ্য নয়। ২০২৩ সালের ১৩ জুলাই জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি কর্মচারীদের তিন ধরনের আয়কে করযোগ্য হিসেবে বিবেচনা করা হয়।

এগুলো হলো— মূল বেতন, উৎসব ভাতা ও বোনাস। এই তিন খাত থেকে পাওয়া মোট আয়ের ওপর প্রযোজ্য হারে আয়কর দিতে হবে।

করমুক্ত ৪২ ধরনের ভাতা

এনবিআরের ২০২৬-২৭ করবর্ষের আয়কর নির্দেশিকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৪২ ধরনের ভাতা ও সুবিধাকে করমুক্ত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে বাড়িভাড়া, চিকিৎসা, নববর্ষ, শিক্ষা সহায়ক, শ্রান্তি ও বিনোদন, ভ্রমণ ও যাতায়াত এবং টিফিন ভাতা।

এ ছাড়া পোশাক ও ধোলাই, আপ্যায়ন, পাহাড়ি, প্রেষণ, কার্যভার, জুডিশিয়াল ও ঝুঁকি ভাতাও করমুক্ত সুবিধার তালিকায় রয়েছে।

বিভিন্ন বিশেষ দায়িত্ব ও নিরাপত্তাসংক্রান্ত সুবিধার মধ্যে রেশন মানি, সীমান্ত ভাতা, আর্মরার, ক্লিনার, ড্রাইভার ও ট্রাফিক অ্যালাউন্সসহ আরও কিছু ভাতাও করের আওতামুক্ত রাখা হয়েছে।

তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পদ, দায়িত্ব এবং কর্মস্থলের ধরন অনুযায়ী এসব ভাতা ও সুবিধা প্রাপ্য হয়ে থাকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।