নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী এবং ৭ জন পাইলট ও ক্রু সদস্য ছিলেন।

সোমবার (৫ অক্টোবর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওন্দো রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এ ঘটনায় শোক জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট তিনুবু জানান, বিমান বাহিনীর প্রধান তাকে দুর্ঘটনার বিষয়ে অবহিত করেছেন। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট।

নাইজেরিয়ার বিমান চলাচলমন্ত্রী ফেস্টাস কিয়ামো জানান, বিমান বাহিনীর একটি এটিআর-৪২ উড়োজাহাজ নিয়মিত মিশনে বেনিন সিটি থেকে লাগোসের উদ্দেশে যাচ্ছিল। স্থানীয় সময় সোমবার সকাল ৮টা ১৩ মিনিটে উড়োজাহাজটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এরপর উপকূলীয় শহর ইগবোকোদার কাছে একটি নৌঘাঁটির পাশ থেকে বিমানটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। খবর পেয়ে সেখানে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়। বিমান বাহিনীও দ্রুত উদ্ধার অভিযান শুরু করার কথা জানিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর জানিয়েছে, বিমানটি একটি নদীর কাছে আছড়ে পড়ে এবং ধ্বংসাবশেষের কিছু অংশ পানিতে ডুবে যায়। দুর্ঘটনার সময় বিকট শব্দ শোনার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

পরে ঘটনাস্থল থেকে নিহতদের দেহের বিভিন্ন অংশ, পোশাক ও জুতাসহ বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।

সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ায় ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলোর মধ্যে এটিকে অন্যতম হিসেবে দেখা হচ্ছে।

 

সূত্র: রয়টার্স

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

আন্তর্জাতিক ডেস্ক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।