হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৬৩১ কার্টন বিদেশি সিগারেটসহ মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।
মঙ্গলবার (৬ অক্টোবর) শারজাহ থেকে ঢাকায় আসা এয়ার আরাবিয়ার জি৯-৫৭১ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল, এয়ারপোর্টের ‘সি’ শিফটের কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। পরে জি৯-৫৭১ ফ্লাইটে আসা যাত্রীদের ব্যাগেজ স্ক্যানিং ও তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে যাত্রী মোহাম্মদ শাহীনের ব্যাগ থেকে ৩২০ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। কে এম ফজল হকের ব্যাগেজ থেকে পাওয়া যায় ১২৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ। আর বেলায়েত ভূঁইয়া হোসাইনের ব্যাগ থেকে ১৮৬ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।
কাস্টমসের তথ্য অনুযায়ী, তিন যাত্রীর কাছ থেকে মোট ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, একটি মোবাইল ফোন এবং তিনটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। জব্দ পণ্যগুলোর আনুমানিক মূল্য ৩২ লাখ ৪০ হাজার টাকা।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।





