ছেলেকে হত্যার দেড় মাস পর বাবাকেও গুলি করে হত্যা

ছেলেকে হত্যার দেড় মাস পর বাবাকেও গুলি করে হত্যা
ছেলেকে হত্যার দেড় মাস পর বাবাকেও গুলি করে হত্যা

খুলনার রূপসা উপজেলায় ছেলে হত্যার শোক কাটিয়ে ওঠার আগেই এবার গুলিতে প্রাণ গেল বাবা আক্তার ঢালীর (৬০)। উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনীমহল এলাকায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে তিনি নিহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্জনীমহল গ্রামের শহীদের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে গত ১৫ আগস্ট রাতে একই এলাকায় আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে (২৭) কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছিল। ফলে প্রায় দেড় মাসের ব্যবধানে একই পরিবারের বাবা-ছেলে হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় আক্তার ঢালী নিজের বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা সেখানে ছুটে এলেও ততক্ষণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এর আগে ১৫ আগস্ট রাত সোয়া ৯টার দিকে দুর্জনীমহল শহীদের মোড়ের একটি চায়ের দোকানের সামনে জয় ঢালীকে হামলা চালিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় জয়ের মা নাসিমা বেগম বাদী হয়ে রূপসা থানায় হত্যা মামলা করেন। মামলায় এজাহারভুক্ত প্রধান আসামিসহ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ছেলের হত্যার পর এবার বাবাকেও প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। খবর পেয়ে রূপসা থানা পুলিশ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আক্তার ঢালীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

প্রাথমিকভাবে পূর্বশত্রুতা অথবা জয় ঢালী হত্যা মামলার জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। পাশাপাশি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

রূপসা প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।