নির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা নেবে সরকার – ডা. জাহেদ উর রহমান

নির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা নেবে সরকার – ডা. জাহেদ উর রহমান
নির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা নেবে সরকার - ডা. জাহেদ উর রহমান

নির্ধারিত দামে কোথাও এলপিজি বিক্রি না হলে বিষয়টি গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, এমন অভিযোগ পাওয়া গেলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে বর্তমানে বেশ অস্থিরতা রয়েছে। এর মধ্যেও সরকার এলপিজির দাম সমন্বয়ের চেষ্টা করছে। তবে দেশের কিছু এলাকায় নির্ধারিত দামে এলপিজি না পাওয়ার অভিযোগ এসেছে।

তিনি জানান, খোলা বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা এবং কমিশন নির্ধারিত মূল্যে এলপিজি ও অটোগ্যাস বিক্রি নিশ্চিত করতে এরই মধ্যে সব জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী জেলা প্রশাসকদের সঙ্গে অনলাইন বৈঠক করে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার তদারকি চলছে।

তিনি বলেন, অনিয়মের ঘটনায় এর আগেও অনেক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বর্তমানে এসব কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

এলপিজির বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সঙ্গেও সরকার আলোচনা করছে বলে জানান জাহেদ উর রহমান। তিনি বলেন, জ্বালানি মন্ত্রী এলপিজি খাতের ব্যবসায়ী নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করে বাজার পরিস্থিতি পর্যালোচনা করেছেন। এসব আলোচনায় ব্যবসায়ীরা বাজার স্থিতিশীল রাখতে সরকারের সঙ্গে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সরকার আশা করছে, ব্যবসায়ীদের সহযোগিতা ও সরকারি উদ্যোগের সমন্বয়ে এলপিজি বাজারের বর্তমান সংকট কমে আসবে।

নির্ধারিত দামে এলপিজি না পাওয়ার অভিযোগ থাকলে তা গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়ে জাহেদ উর রহমান বলেন, এলপিজি মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি পণ্য। এটি ছাড়া দৈনন্দিন জীবনযাপন কঠিন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতার মধ্যেও সরকার এলপিজির দাম সমন্বয়ের পাশাপাশি সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা বলেন, শুধু অভিযান পরিচালনা করলেই এলপিজি বাজারের সমস্যার সমাধান হবে—সরকার এমনটি মনে করে না।

তার ভাষ্য, জ্বালানির দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এলপিজি আমদানি ও বোতলজাতকারীরা যেন ন্যায্য মূল্য পান, সেটিও নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। এতে সরবরাহে ঘাটতি তৈরি হবে না এবং বাজারে দাম স্থিতিশীল রাখার সুযোগ তৈরি হবে।

একই সঙ্গে আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, এটি একটি সমন্বিত উদ্যোগ। শুধু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান দিয়ে সমস্যার পুরোপুরি সমাধান সম্ভব নয়।

খাদ্যসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রেও আইনগত ব্যবস্থার পাশাপাশি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সমন্বিতভাবে বাজার পরিস্থিতি মোকাবিলার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।