ভারতীয় নারী ক্রিকেট দলের তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন হারমানপ্রীত কৌর। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানান ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।
গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা এনে দেওয়া দলের নেতৃত্বে ছিলেন হারমানপ্রীত। অধিনায়ক হিসেবে তার শেষটাও এসেছে শিরোপা জয়ের মধ্য দিয়ে। গত মাসে নিসিনে তার নেতৃত্বে ভারত টানা দ্বিতীয়বার এশিয়ান গেমসের স্বর্ণপদক জেতে।
অধিনায়কত্ব ছাড়ার আগে নারী দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুয়াহাটিতে বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়ার সঙ্গে বৈঠক করেন হারমানপ্রীত। বৈঠকে দলের সহঅধিনায়ক স্মৃতি মান্ধানা ও প্রধান কোচ অমল মজুমদারও উপস্থিত ছিলেন। এর একদিন পরই নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি।
ইনস্টাগ্রাম পোস্টে হারমানপ্রীত জানান, সব ফরম্যাটে ভারতীয় নারী দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তটি তার জন্য সহজ ছিল না। দীর্ঘদিনের স্মৃতি, আবেগ, ত্যাগ ও নানা অভিজ্ঞতার সঙ্গে এই দায়িত্ব জড়িয়ে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, দলকে সবসময় ব্যক্তিগত পারফরম্যান্স ও নিজের আকাঙ্ক্ষার ওপরে রেখেছেন। দলের স্বার্থে অনেক সময় নিজের উন্নয়ন ও ব্যক্তিগত চাওয়াকে পাশে সরিয়ে রাখতে হয়েছে বলেও জানান হারমানপ্রীত।
অধিনায়ক হিসেবে নেওয়া বিভিন্ন কঠিন সিদ্ধান্তের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সব সিদ্ধান্ত সবার কাছে সহজে গ্রহণযোগ্য বা বোধগম্য ছিল না। তবে প্রতিটি সিদ্ধান্তের লক্ষ্য ছিল দলকে আরও শক্তিশালী করা এবং সতীর্থদের নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রেখে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করা।
হারমানপ্রীত বলেন, আবেগঘন মন নিয়ে অধিনায়কত্ব ছাড়লেও তার মনে শান্তি রয়েছে। কারণ তার বিশ্বাস, ভারতীয় নারী দল এখন ভালো অবস্থানে রয়েছে এবং প্রতিভা, চরিত্র ও আত্মবিশ্বাসে সমৃদ্ধ এই দলের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।
এর আগে চলতি বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয়বার গ্রুপ পর্ব থেকে ভারত বিদায় নেওয়ার পর নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। নির্বাচক কমিটির মধ্যেও এ বিষয়ে মতভেদ ছিল বলে জানা যায়। যদিও হারমানপ্রীত ২০২৮ অলিম্পিক গেমসেও ভারতকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
দায়িত্ব ছাড়ার বিষয়ে হারমানপ্রীত বলেন, তিনি মনে করেন অধিনায়ক হিসেবে নিজের দায়িত্ব যথাসাধ্য পালন করেছেন। ভারতীয় নারী ক্রিকেট দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগকে গর্বের সঙ্গে বহন করেছেন এবং এ সুযোগের জন্য কৃতজ্ঞ থাকবেন বলেও জানান তিনি।
তবে অধিনায়কত্ব ছাড়লেও ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না হারমানপ্রীত। খেলার প্রতি ভালোবাসা নিয়েই ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ে মাঠে থাকতে চান তিনি।
তিনি বলেন, অধিনায়কত্বের অধ্যায় শেষ হলেও ভারতীয় ক্রিকেটের প্রতি তার ভালোবাসা শেষ হবে না। সতীর্থ, কোচ, সাপোর্ট স্টাফ, বিসিসিআই, পরিবার ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এখন আবারও খেলার আনন্দ নিয়েই মাঠে নামতে প্রস্তুত তিনি। অধিনায়কত্বের সমাপ্তি হলেও তার ক্রিকেটযাত্রা অব্যাহত থাকবে।





