এবার গ্রিজমান এর পালা

ক্রীড়া ডেস্ক: আঁতোয়ান গ্রিজমান, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জিতেছেন। জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি ‘গোল্ডেন বল’ও। কিন্তু ২০১৬ ইউরোর ট্রফিটাই যে জেতা হলো না।

ছয় সপ্তাহের ব্যবধানে বড় দুটি টুর্নামেন্টের ফাইনালে তিনি হেরে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের পর এবার ফ্রান্সের হয়ে ইউরোর ফাইনালে!

একই বছর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ও ইউরোর ফাইনালে হেরে যাওয়া ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় গ্রিজমান। এর আগে ২০০৮ সালে এই অভিজ্ঞটা হয়েছিল প্রাক্তন জার্মান মিডফিল্ডার মাইকেল বালাকের। মজার ব্যাপার, সেখানেও একটি ফাইনালে বালাকের প্রতিপক্ষ ছিলেন রোনালদো!

২০০৮ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে টাইব্রেকারে হেরেছিল বালাকের চেলসি। টাইব্রেকারে বালাক গোল করলেও রোনালদো গোল করতে ব্যর্থ হয়েছিলেন। তবে শেষ হাসিটা হেসেছিলেন রোনালদোই।

একই বছর ইউরোর ফাইনালে ফার্নান্দো তোরেসের একমাত্র গোলে স্পেনের কাছে হেরে যায় বালাকের জার্মানি। এবার সেই অভিজ্ঞতা হলো গ্রিজমানের।

যদিও বালাকের দুঃখটা গ্রিজমানের চেয়ে আরেকটু বেশিই। জার্মান তারকা যে ২০০২ সালে বিশ্বকাপ ফাইনালের পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও হেরে গিয়েছিলেন!

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।