৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে রিট খারিজ, আপিল বিভাগে আবেদন

৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে রিট খারিজ, আপিল বিভাগে আবেদন
৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে রিট খারিজ, আপিল বিভাগে আবেদন

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজ হওয়ার পর এবার আপিল বিভাগে আবেদন করেছেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ।

বুধবার (১৯ আগস্ট) তিনি এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে আদেশ দেন। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) রিটটি দায়ের করেছিলেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

রাষ্ট্রপক্ষে আদালতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী এবং আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব।

৭০ অনুচ্ছেদ নিয়ে আপত্তি

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদীয় আসন শূন্য হবে। তবে এ কারণে পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে তিনি অযোগ্য হবেন না।

রিটকারী আইনজীবীর দাবি, এই বিধানের কারণে সংসদ সদস্যরা নিজেদের বিবেচনা অনুযায়ী ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হন। এতে তাদের স্বাধীন মতপ্রকাশ ও গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হচ্ছে।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন

এদিকে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট নেওয়া হবে।

আরও পড়ুনঃ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন, নিশ্চিত জয়ের পথে মির্জা ফখরুল

১৯৯১ সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে রয়েছেন কর্নেল (অব.) অলি আহমদ।

ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য

নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য ভোট দেবেন। চট্টগ্রাম-৪ আসনটি শূন্য থাকায় মোট ভোটার সংখ্যা ৩৪৯ জন।

ইসি সচিব আখতার আহমেদ জানান, ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম থাকবে। সংসদ সদস্যরা পছন্দের প্রার্থীর নামের পাশে স্বাক্ষর করে ব্যালট নির্ধারিত বাক্সে জমা দেবেন।

ভোটগ্রহণ শেষে সংসদ ভবনের অধিবেশন কক্ষেই ব্যালট গণনা করা হবে। গণনা শেষে নির্বাচনী কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ফলাফল ঘোষণা করবেন। এরপর ফলাফল গেজেট প্রকাশের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।

ইসি সচিব আরও জানান, ভোটগ্রহণের শুরুতে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকবে। ৩৪৯টি ব্যালটের মধ্যে কতটি বৈধ এবং প্রতিটি প্রার্থী কত ভোট পেয়েছেন, গণনার পর তা জানানো হবে।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ঢাকার সমালোচনায় বীণা সিক্রি

রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার পর নির্বাচন

গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ২০ আগস্ট ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।

হাইকোর্টে রিট খারিজের পর আপিল বিভাগে আবেদন করায় এখন রাষ্ট্রপতি নির্বাচনের আগে এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ কী হয়, সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক ও আইনাঙ্গনের সংশ্লিষ্টদের।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।