যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নুর পাপিয়া বিদেশে বেশির ভাগ অর্থ পাচার করতেন হুন্ডির মাধ্যমে। তারা ব্যাংকের মাধ্যমে খুবই সামান্য পরিমাণ টাকা পাঠিয়েছেন বলে জানিয়েছে সিআইডি।
পাপিয়া দম্পতির অর্থ পাচার মামলার বিষয়টি অনুসন্ধান করছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। অনুসন্ধান করতে গিয়ে সিআইডি অর্থ পাচারের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে, যা যাচাই-বাছাইয়ের কাজ চলছে।
এ ব্যাপারে সিআইডির ডিআইজি ইমতিয়াজ আহমেদ বলেন, ‘পাপিয়া দম্পতির অর্থ পাচার মামলার বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে। নিবিড়ভাবে তদন্তকাজ চলছে। বেশ কিছু আলামত হাতে এসেছে। তাতে এখন পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি আমরা। সেগুলো যাচাই-বাছাই চলছে। ডিআইজি আরো বলেন, এখন পর্যন্ত পাপিয়ার সঙ্গে যাদের নাম এসেছে, তাতে তার স্বামী সুমনের সম্পৃক্ততা রয়েছে। আরো কারা রয়েছে সে বিষয়ে তদন্ত শেষে বলা যাবে।





