বিনোদন ডেস্ক: গতকাল শনিবার সন্ধ্যায় ফালাকাটা কলেজের বার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন সময়ের উঠতি নায়িকা শুভশ্রী। কিন্তু অনুষ্ঠান শেষ না করেই তাৎক্ষণিকই মঞ্চ ছাড়লেন তিনি। তবে কেন এমন হলো?
মঞ্চে এসে মাউথ পিস হাতে শুভশ্রী নিজেই জানালেন, তার সঙ্গে যে আচরণ করা হয়েছে তা কোনও মেয়ের সঙ্গে করা উচিত নয়। অবশ্য ঘটনার পর থেকে তৃণমূল ছাত্র পরিষদ-পরিচালিত ছাত্র সংসদের বার্ষিক অনুষ্ঠানকে ঘিরে অস্বস্তিতে রয়েছে শাসকদলের ছাত্র সংগঠন। অস্বস্তিতে পড়েছে কলেজ কর্তৃপক্ষও। প্রচুর পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও কী করে টলিউডের নায়িকার সঙ্গে এমন হয়রানির ঘটনা ঘটলো, তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে পুলিশ-প্রশাসন।
এখন শুধু এটুকু জানা দরকার কী এমন ঘটেছিল সে দিন? কলেজের বাৎসরিক অনুষ্ঠানে শুভশ্রী আসছেন বলে রীতিমতো প্রচার চালানো হয় তৃণমূল ছাত্র পরিষদ-পরিচালিত ছাত্র সংসদের পক্ষ থেকে। দুপুর থেকে ভিড়ে উপচে পড়তে থাকে কলেজ মাঠে। চলছিলো সঙ্গীতানুষ্ঠান। সকলে শুভশ্রীর অপেক্ষায় ছিলেন। সে জন্য প্রচুর পুলিশ মোতায়ন করা হয়।
বিকাল সাড়ে ৫টা নাগাদ শুভশ্রীর গাড়ি কলেজে পৌঁছুতে একদল যুবক তাকে ঘিরে ধরে। অনেকেই নায়িকাকে ছোঁয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ভিড় কয়েকগুণ বৃদ্ধি পায়। অনেকেই তখন প্রিয় নায়িকাকে একবার হাত দিয়ে ছোঁয়ার চেষ্টা করে। বহু যুবকের মাঝে বোকা বনে যান শুভশ্রী। পুলিশ চেষ্টা চালালেও ভিড় থেকে নায়িকাকে উদ্ধার করতে পারেনি। উল্টে একদল যুবক শুভশ্রীর সঙ্গে অশালীন আচরণ করে।
এরপর কোনও মতে ভিড় ঠেলে শুভশ্রীকে মঞ্চে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছেন শুভশ্রী। ক্ষোভে ফেটে পড়েন তিনি। মঞ্চে উঠলেও অনুষ্ঠান তো দূরের কথা, উল্টো নিজের ক্ষোভ উগরে দেন সেখানে। এক মিনিট ধরে তার উপর চলা অভব্য ব্যবহারের কথা তুলে ধরেন তিনি।
শুভশ্রী বলেন, ‘‘আমি বিশেষ করে মেয়েদের উদ্দেশ্যে বলতে চাই, ছেলেরা আমার সঙ্গে ভীষণ বাজে ব্যবহার করেছে। আমার সঙ্গে যেটা হয়েছে তা কোনও মেয়ের সঙ্গে করা উচিত নয়। এর জন্য আমার মানসিক অবস্থা ভাল নয়।’’
এর পরেই তিনি মঞ্চ থেকে নেমে চলে যান। পুলিশি নিরাপত্তায় তাকে গাড়িতে তুলে দেয়া হয়।
ঘটনার জেরে ‘বহিরাগতদের’ দিকে আঙুল তুলেছে টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদ। ফালাকাটা কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক অনন্ত সরকার বলেন, ‘‘শুভশ্রীর উপর যা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এটা মানা যায় না। যারা ওই কাণ্ড ঘটিয়েছে, তারা বহিরাগত। আমরা তাদের চিহ্নিত করছি।’’
ঘটনার কথা মেনেছেন ফালাকাটার ব্লক যুব তৃণমূল সভাপতি সঞ্জয় দাসও। শুভশ্রী চলে যাওয়ার পরে মঞ্চে উঠে ক্ষমা চান তিনিও। তার কথায়, ‘‘আমি ঘটনার পরে ওনার কাছে ক্ষমা চেয়েছি। আমার অনুরোধেই উনি মঞ্চে উঠেছিলেন। যা হয়েছে এতে আমরা দুঃখিত। বহিরাগতরাই এটা করেছে।’’
এদিকে ফালাকাটা কলেজের অধ্যক্ষ হীরেন্দ্রনাথ ভট্টাচার্যের জানান, ‘‘যা হয়েছে তা কাম্য নয়। প্রচুর বহিরাগত কলেজের অনুষ্ঠানে উপস্থিত ছিলো। যা ঘটেছে তা কলেজের পক্ষে নিন্দনীয়।’’
তবে ওই ঘটনায় পুলিশের কাছে কেউ অভিযোগ দায়ের করেনি বলে জানিয়েছেন জয়গাঁর এসডিপিও পার্থসারথি মজুমদার।
প্রসঙ্গত, সম্প্রতি কোচবিহারের রাসমেলায় অনুষ্ঠান করে ফিরে স্টেজের পাশ থেকে কটূক্তির অভিযোগ তুলেছিলেন সঙ্গীতশিল্পী আকৃতি কক্করও। সেখানেও তৃণমূল পরিচালিত পুরসভার পুরপ্রধানের ছেলের সামনেই অশালীন আচরণ হয়েছিলো বলে অভিযোগ তুলেন আকৃতি।





