এম এস আর মিরাজ, যশোর: মণিরামপুরে ৩৫ বছর বয়সী এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে।
শনিবার দিবাগত গভীররাতে উপজেলার একটি আশ্রয়ণ প্রকল্পের কাছে ওই নারীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ভিকটিমকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রোববার সকালে মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম ও ইনসপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান ঘটনাস্থলে যান।
হাসপাতালে ভর্তি ওই নারী জানান, তিনি আগে বৃদ্ধা মায়ের সঙ্গে একটি আশ্রয়ণ প্রকল্পে থাকতেন। বিয়ে হওয়ার পর স্বামীর সঙ্গে ভারতে চলে যান। সম্প্রতি স্বামীকে ভারতে রেখে তিনি মায়ের কাছে বেড়াতে আসেন। শনিবার রাত দুইটার দিকে বাইরে থেকে ঘরে ফিরছিলেন তিনি। ওই সময় ওত পেতে থাকা গ্রামের হাবিবুর ও তার এক সহযোগী জোর করে তাকে তুলে নিয়ে পাশের বাঁশবাগানে ধর্ষণ করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ভোরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ জানান, রোববার ভোর ছয়টার দিকে ধর্ষণের অভিযোগ নিয়ে আসা এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা আলামত সংগ্রহ করেছেন। পুলিশ চাইলে রিপোর্ট দেওয়া হবে। মণিরামপুর থানার ইনসপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। ওই নারী যশোর জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। এই ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। ভিকটিমের স্বজনদের থানায় আসতে বলা হয়েছে।