টেস্টিং ল্যাবরেটরির জন্য জায়গা বরাদ্দের দাবি

অর্থনৈতিক প্রতিবেদক: বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) নেতারা গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের জন্য একটি পূর্ণাঙ্গ ইন্সটিটিউট ও টেস্টিং ল্যাবরেটরি স্থাপন করতে জায়গা বরাদ্দের দাবি জানিয়েছেন।

তারা বলেন, এ শিল্পখাত থেকে গত অর্থ বছরে ৫.৬ বিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে। টেস্টিং ল্যাবরেটরি স্থাপিত হলে, এখাতে রপ্তানির পরিমাণ আরো বাড়বে।

রোববার শিল্প মন্ত্রণালয়ে বিজিএপিএমইএ নেতারা শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠককালে এ দাবি জানান।

বৈঠকে বিজিএপিএমইএ-এর নেতারা কর্মসংস্থান ও অর্থনৈতিক অগ্রগতিতে গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পখাতের অবদান তুলে ধরেন। তারা বলেন, এ শিল্পখাতের উন্নয়নের মাধ্যমে দেশের তৈরি পোশাকখাতে মূল্য সংযোজনের বিরাট সুযোগ রয়েছ।

তারা এ শিল্পকে এসএমই শিল্পখাতের অন্তর্ভূক্ত করে সরকারের নীতিসহায়তা ও পৃষ্ঠপোষকতা বাড়ানোর দাবি জানান। একই সঙ্গে তারা এ শিল্পের সুষম বিকাশের লক্ষ্যে একটি পৃথক গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পনগরী গড়ে তোলার তাগিদ দেন।

জবাবে শিল্পমন্ত্রী বলেন, দেশীয় গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পের গুরুত্ব বিবেচনা করে সরকার এ শিল্পখাতের উন্নয়নের প্রতি অগ্রাধিকার দিচ্ছে। এ শিল্পের সুষম বিকাশের লক্ষ্যে পৃথক শিল্পনগরী গড়ে তোলার জন্য শিল্প মন্ত্রণালয় কাজ করছে। একটি পূর্ণাঙ্গ ইন্সটিটিউট ও টেস্টিং ল্যাবরেটরি স্থাপন করতে শিল্প মন্ত্রণালয় থেকে জায়গা বরাদ্দ দেওয়া হবে। তিনি এ লক্ষ্যে কার্যকর উদ্যোগ নিতে বিসিক চেয়ারম্যানকে নির্দেশনা দেন।

বৈঠকে শিল্প সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান ইমতিয়াজ হোসেন চৌধুরী, বিসিকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরুল ইসলাম, বিজিএপিএমইএ-এর সভাপতি রাফেজ আলম চৌধুরী, সহসভাপতি আবদুল কাদের চৌধুরী, মোয়াজ্জেম হোসেন মতি ও মোজাহারুল হক শহীদ, পরিচালক হাসানুল করিম তমিজসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে বাংলাদেশ তৃণমূল নারী উদ্যোক্তা সমিতির নেতারা শিল্পমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন। শিল্পমন্ত্রীর দপ্তরে সাক্ষাতকালে তারা তৃণমূল পর্যায়ে দক্ষ নারী উদ্যোক্তা সৃষ্টিতে সরকারের নীতি সহায়তা বৃদ্ধির দাবি জানান। পরে শিল্পমন্ত্রী বিটাক ও বিসিকের মাধ্যমে পরিচালিত প্রশিক্ষণে নারী উদ্যোক্তাদের অংশ নেওয়ার পরামর্শন দেন।

এসময় সংগঠনের সভাপতি মৌসুমী ইসলাম, সহসভাপতি মাহাবুব আরা জলিসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।