দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। টানা তৃতীয় দফায় দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা কমেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য তালিকা প্রকাশ করে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে নির্ধারিত নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। আগের দিন সোমবার (২৮ সেপ্টেম্বর) এই মানের সোনার দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। অর্থাৎ প্রতি ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।
সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ১৪১ টাকা এবং ১৮ ক্যারেট ৩ হাজার ৫৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হবে ২ হাজার ৬৮৩ টাকায়।
নতুন এই মূল্য তালিকা মঙ্গলবার সকাল ১০টা থেকে দেশের বাজারে কার্যকর হয়েছে।





