রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকার ও প্রশাসনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের দুটি গাড়ি ও পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করেছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষের পর মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। এলাকায় লাঠি হাতে কয়েকজন হকারকে অবস্থান করতে দেখা গেছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। পরিস্থিতি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, ফুটপাত উচ্ছেদ অভিযান চলার সময় মিরপুর-১০ এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের দুটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ রয়েছে।
এ সময় একটি ভেকু (খননযন্ত্র) ভাঙচুর এবং পুলিশের একটি গাড়িতেও আগুন দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।





