বাংলাদেশের প্রযুক্তি খাতে এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্রের কয়েকটি সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি। এমন তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইস্ট পালো আল্টোতে ফোর সিজনস হোটেলে অনুষ্ঠিত ‘সিইও অ্যান্ড সিনিয়র এক্সিকিউটিভস রাউন্ড টেবিল’ বৈঠকে তিনি এ কথা জানান। ‘বাংলাদেশের প্রবৃদ্ধির জন্য প্রযুক্তি, বিনিয়োগ ও কৌশলগত অংশীদারত্ব’ শীর্ষক আলোচনায় বিষয়টি উঠে আসে।
ববি হাজ্জাজ বলেন, বাংলাদেশের প্রযুক্তি খাতে আন্তর্জাতিক বিনিয়োগের বড় সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এআই ও সেমিকন্ডাক্টর খাতে মার্কিন কোম্পানিগুলোর আগ্রহ দেশের জন্য নতুন বিনিয়োগ ও অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করতে পারে।
তিনি বলেন, এই সম্ভাবনা কাজে লাগাতে প্রযুক্তি স্থানান্তর, দক্ষ জনশক্তি গড়ে তোলা, গবেষণা ও উদ্ভাবন বাড়ানোর পাশাপাশি বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। বৈশ্বিক প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে দক্ষ মানবসম্পদ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এগিয়ে যেতে হবে।
প্রতিমন্ত্রীর মতে, এআই ও ডেটা অবকাঠামো, সেমিকন্ডাক্টর প্রযুক্তি এবং উচ্চপ্রযুক্তিনির্ভর শিল্পে বিনিয়োগ হলে দেশের অর্থনীতিতে নতুন খাত যুক্ত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগও বাড়তে পারে।
গোলটেবিল বৈঠকে এআই ও ডেটা অবকাঠামো, সেমিকন্ডাক্টর শিল্প, প্রযুক্তি স্থানান্তর, দক্ষতা উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন এবং বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
বাংলাদেশের প্রতিনিধিদলে আরও ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
বৈঠকটি সঞ্চালনা করেন কারম্যাক্সের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা শামীম মোহাম্মদ। এতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ নির্বাহীরা অংশ নেন।





