যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে গুগলের সদর দপ্তর পরিদর্শন করেছে বাংলাদেশের মন্ত্রীপর্যায়ের একটি প্রতিনিধিদল। এ সময় গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তি খাতে সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের উদ্যোগে গত সোমবার প্রতিনিধিদলটি গুগলের সদর দপ্তর পরিদর্শন করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ কামরুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি।
বৈঠকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাভেদ ইকবাল উপস্থিত ছিলেন।
গুগলের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন ‘গুগল ফর এডুকেশন’-এর স্ট্র্যাটেজি অ্যান্ড অপারেশন্সবিষয়ক ভাইস প্রেসিডেন্ট দিব্যা জানি। গুগলের একদল বিশেষজ্ঞও এতে অংশ নেন।
বৈঠকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে ‘গুগল ফর এডুকেশন’-এর সম্ভাব্য ভূমিকা নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল দক্ষতা, ক্লাউড কম্পিউটিং, সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারে পারস্পরিক সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করা হয়।
প্রযুক্তি ও এআই ব্যবহারের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক করার বিভিন্ন উপায় নিয়েও বৈঠকে আলোচনা হয়।





