ঝিনাইদহ প্রতিনিধি॥ ১৬ এপ্রিল’২০১৭
ঝিনাইদহের কালীগঞ্জে নবম শ্রেণীর এক ছাত্রীকে নেশা জাতীয় দ্রব্য শুকিয়ে অজ্ঞান করে অপহরণের চেষ্টা করে তিন বখাটে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সে আড়পাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে ও সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ৯ টার দিকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান হাসপাতালে ভর্তি ওই স্কুল ছাত্রীকে দেখতে যান।
মেয়ের ভাই সুমন হাসপাতালে অবস্থানরত প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তার বোন বিকাল সাড়ে ৫ টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে আড়পাড়া এতিমখানার কাছে আড়পাড়ার গ্রামের মিল্টন বিশ্বাসের ছেলে হৃদয় (১৬), একই গ্রামের বদের ছেলে শিমুল (১৬) ও আব্দুল্লাহ (১৭) নামের তিন বখাটে নেশা জাতীয় দ্রব্য শুকিয়ে তার বোনকে অজ্ঞান করে অপহরণের চেষ্টা করে। সে সময় এলাকাবাসী এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী ওই ছাত্রীকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মাহফুজুল আলম সোহাগ জানান, ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। খুব শীঘ্রই সুস্থ্য হয়ে উঠবে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, ওই স্কুল ছাত্রীকে শিমুল নামের এক ছেলে প্রায়ই উত্যক্ত করতো। আজ সেসহ তার দুই বন্ধু মিলে মেয়েটিকে জোর করে সিগারেট খাওয়াতে যায়। এ সময় সে অজ্ঞান হয়ে যায়। খবর পেয়ে তিনি হাসপাতালে পুুলিশ পাঠিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছাদেকুর রহমান জানান, তিনি খবর পেয়ে হাসপাতালে ওই ছাত্রীকে দেখতে গিয়েছিলেন। মেয়ের পরিবারকে তিনি থানায় মামলা করতে বলেছেন। তিনি আরো জানান, উত্যক্তকারীরা সরকারি নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যও তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বলেছেন।