ওয়াটসনের দুরন্ত সেঞ্চুরি, তৃতীয়বার IPL জয় চেন্নাই সুপার কিংসের

ক্রীড়া ডেস্কঃ মুম্বই, ২৭ মে : তৃতীয়বার IPL খেতাব জয় করল চেন্নাই সুপার কিংস। আজ সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৮ উইকেটে জয়লাভ করে মাহি ব্রিগেড। দুরন্ত শতরান করেন দলের ওপেনার শেন ওয়াটসন। মূলত তাঁর সেঞ্চুরির দৌলতেই চেন্নাইয়ের জয়ের রাস্তা আরও মসৃণ হয়ে যায়।

আজ টসে জিতে সানরাইজ়ার্স হায়দরাবাদকে ব্যাট করতে পাঠান চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শুরুতেই ফিরে যান শ্রীবৎস গোস্বামী (৫)। এরপর ব্যাট করতে নামেন অধিনায়ক কেন উইলিয়ামসন (৩৬ বলে ৪৭ রান)। অরেঞ্জ ক্যাপ ইতিমধ্যেই তাঁর নিশ্চিত হয়ে গেছে। আজও ঝলসে উঠল তাঁর চওড়া ব্যাট। একের পর এক বাউন্ডারি এবং ওভার বাউন্ডারিতে বিপক্ষের বোলারদের পর্যুদস্ত করে দেন। সঙ্গে যোগ্য সঙ্গত দেন শিখর ধাওয়ান (২৫ বলে ২৬ রান)। এই দুই ব্যাটসম্যান দ্বিতীয় উইকেটে ৫১ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। জাদেজার বলে শিখর ফিরলে মাঠে নামেন সাকিব। তিনিও ৮ বলে ১৮ রান করেন।

ইতিমধ্যে অবশ্য ফিরে গেছেন কেন উইলিয়ামসন। তাঁর জায়গায় নামেল ইউসুফ পাঠান। এই দিনটার জন্যই কি এতদিন তিনি অপেক্ষা করে ছিলেন? বোধহয় তাই হবে। চলতি বছর IPL-এর ফাইনাল ম্যাচে কার্যত জ্বলে উঠলেন ইউসুফ পাঠান (অপরাজিত ৪৫)। শেষবেলায় কার্লোস ব্রেথওয়েটকে (অপরাজিত ২১) সঙ্গে নিয়ে তাঁর ঝোড়ো ব্যাটিংই বদলে দিল ম্যাচের রং। নির্ধারিত ২০ ওভারে শেষে পাঁচ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে সানরাইজ়ার্স হায়দরাবাদ।

ফাইনাল ম্যাচে চেন্নাইকে জিততে হলে ১৭৯ রান করতে হত।

জয়ের জন্য চেন্নাইয়ের লক্ষ্যমাত্রাটা বেশ বড়ই ছিল। ব্যাট হাতে নামেন শেন ওয়াটসন এবং ফাফ ডু’প্লেসি। তার উপরে প্রথম ওভারেই মেডেন নেন ভুবনেশ্বর কুমার। চাপ আরও বেড়ে যায়। কারণ ওভার প্রতি রান রেটটাও যে একটু একটু করে বাড়ছে। ৩.৬ ওভারে সন্দীপ শর্মার বলে ফিরে যান ফাফ (১০)। ব্যাট করতে নামেন সুরেশ রায়না। খানিক পর থেকেই ম্যাচের লাগাম নিজের হাতে নিতে শুরু করেন শেন ওয়াটসন। ৩৩ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন তিনি। উলটো দিক থেকে নৌকার হালটা শুধুমাত্র ধরে রেখেছিলেন রায়না। তরতরিয়ে এগিয়ে চলছিল চেন্নাইয়ের স্কোর বোর্ড।

১৩ ওভারে বল করতে আসেন সন্দীপ শর্মা। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বলে পরপর তিনটে ছক্কা হাঁকান ওয়াটসন। শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে ওভার শেষ করেন। এই ওভারে আসে ২৭ রান।

তবে রায়না খুব বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি। ২৪ বলে ৩২ রান করে তিনি ফিরে যান। তবে দ্বিতীয় উইকেটে ১১৭ রানের পার্টনারশিপ গড়ে জয়ের ভিতটা মজবুত করে দিয়ে যান। মাঠে নামেন রায়াডু। অরেঞ্জ ক্যাপ জয়ের লড়াইয়ে তিনি থাকলেও আজ যখন ব্যাট করতে নামলেন, তখন আর কিছুই করার নেই। জয়ের জন্য আর মাত্র ৪৬ রান বাকি। এদিকে বিপক্ষের বোলারদের কচুকাটা করছেন ওয়াটসন। ৫১ বলে শতরান করেন তিনি।

ততক্ষণে চেন্নাইয়ের জয় ছিল আর সময়ের অপেক্ষা। আজ চূড়ান্ত ফ্লপ রশিদ খান। ফাইনালের আগে এই আফগান স্পিনারকে নিয়ে অনেক আশা করা হয়েছিল। সেই আশায় কার্যত জল ঢেলে দেন তিনি। ফাইনাল ম্যাচে একটাও উইকেট শিকার করতে পারেননি তিনি। উলটে ৪ ওভারে ২৫ রান দিয়েছেন। অবশেষে ৯ বল বাকি থাকতেই আট উইকেটে জয়লাভ করে চেন্নাই সুপার কিংস। ম্যাচের শেষে ১১৭ রানে অপরাজিত থাকেন শেন ওয়াটসন। অন্যদিকে ১৭ রানে অপরাজিত থাকেন রায়াডু।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।