ঠাকুরগাঁওয়ে আ.লীগের বাঁধায় বিএনপির সম্মেলন পণ্ড

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের বাঁধায় বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন পণ্ড হয়েছে বলে অভিযোগ করেছে দলটির নেতারা।
শনিবার বিকেল সাড়ে ৩টায় সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন পণ্ড করে দেয় একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সচীন্দ্র নাথ বর্মন। ওয়ার্ড বিএনপির সম্মেলন পণ্ড করে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতাকর্মীরা। ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুর রহমান অভিযোগ করে বলেন, প্রশাসনের অনুমতি নিয়ে আমাদের ওয়ার্ডের বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। বিকেল ৩টার দিকে সম্মেলনে যোগ দেন আউলিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক ফজলে এলাহী লিটন। এছাড়াও ওয়ার্ড বিএনপির নেতা-কর্মী ছাড়াও প্রায় ৪ শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
বিএনপি নেতা আজিজুর রহমান বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সচীন্দ্র নাথ বর্মনসহ তার নেতা-কর্মী ও পুলিশ এসে সম্মেলনে বাঁধা দিলে হট্টগোল বাঁধে। এতে ওয়ার্ড বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন পণ্ড হয়ে যায়। গণতান্ত্রিক দেশে আওয়ামী লীগ নেতা সচীন্দ্র নাথ ও পুলিশ এভাবে বিএনপির সম্মেলন পণ্ড করতে পারে না বলেও মন্তব্য করেন বিএনপি নেতা আজিজুর রহমান। ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম বলেন, এই ওয়ার্ডে বিএনপির সক্রিয়। বিএনপির সক্রিয়তা দেখে আওয়ামী লীগের হিংসা হচ্ছে। এ কারণে তারা আমাদের আজকের সম্মেলন পণ্ড করে দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিএনপির এই অনুষ্ঠানে বাধা দেওয়ার ক্ষেত্রে পুলিশ তাদের অনুমতি না নেওয়ার কথা বলেছে। যদিও বিএনপি তা অস্বীকার করেছে। ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সচীন্দ্র নাথ বর্মন বলেন, বিএনপির সম্মেলন ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে এমন আশঙ্কা থেকেই পুলিশ পদক্ষেপ নিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।