খুলনার পাইকগাছায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে চারটি ফার্মেসিকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া মোড় বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। অভিযানে খুলনা ঔষধ প্রশাসনের কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমাণ পাওয়ায় ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় চার ফার্মেসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
জরিমানার আওতায় আসা প্রতিষ্ঠানগুলো হলো—মেসার্স দেবী ফার্মেসি, মেসার্স ইমরান ফার্মেসি, মেসার্স রহিম ফার্মেসি এবং মেসার্স রোজিনা ফার্মেসি। চার প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনার সময় খুলনা ঔষধ প্রশাসনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জনস্বাস্থ্য সুরক্ষায় মেয়াদোত্তীর্ণ ওষুধের বিক্রি বন্ধ এবং ফার্মেসিগুলোতে নিয়মিত নজরদারি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।





