অপরাধীদের সাথে নিয়ে ঐক্য ফ্রন্টের ঘোষণা জাতির সঙ্গে ঠাট্টা-মশকরা -তথ্যমন্ত্রী

‘জঙ্গিসন্ত্রাসী, জামাত, রাজাকার, যুদ্ধাপরাধী ও স্বীকৃত চিহ্নিত দুর্নীতিবাজদের সাথে নিয়ে জাতীয় ঐক্য ফ্রন্টের দেশ উদ্ধারের ঘোষণা জাতির সঙ্গে ঠাট্টা-মশকরা।’ বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার দুপুরে রাজধানীতে সচিবালয় তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘ঐক্য ফ্রন্টের ৭ দফা ও ১১ লক্ষ্য আসলে গণতন্ত্রকে জিম্মি করারই পাঁয়তারা, যার মূল উদ্দেশ্য জঙ্গিসঙ্গী ও দুর্নীতিবাজসহ সব অপরাধীদের রাজনীতিতে ফিরিয়ে এনে অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা। এ কারণেই তাদের এই ঐক্য আসলে  জোট নয়, একটি ষড়যন্ত্রের ঘোঁট।
‘রাজাকার ও জামাতের আশ্রায়ন প্রকল্প বিএনপি এখন ড. কামালকে আশ্রয় করেছে’ উল্লেখ করে ইনু বলেন, ‘ড. কামালও তার মুখোশ খুলে জামাত-রাজাকারের সাথে সংসার করতে বিএনপি’র ঘরে ঢুকেছেন। শেখ হাসিনাকে মাইনাস করে রাজাকার-বিএনপিকে প্লাস করার এই চক্রান্ত জনগণ রুখে দেবে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘সাজাপ্রাপ্ত আসামীদের মুক্তিদান আর নির্বাচন পর্যন্ত সব মামলা স্থগিত রাখা আর সেনাবাহিনীকে বিতর্কিত করার যে অগণতান্ত্রিক দাবি ঐক্য ফ্রন্ট করেছে, তা দেশ ও সংবিধানের বিরুদ্ধে ষড়যন্ত্রের শামিল।’
বিকল্পধারা ঐক্য ফ্রন্টে যোগ না দেবার বিষয়ে প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘তারা ঐক্য ফ্রন্টে যোগ দেননি, আওয়ামী লীগ বা মহাজোটেও যোগ দেননি, তারা স্বাধীনভাবে রাজনীতিতে অংশ নিচ্ছেন, এটিকে আমরা স্বাগত জানাই।’
ডিজিটাল নিরাপত্তা আইন বিষয়ে তথ্যমন্ত্রী
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিজিটাল নিরাপত্তা আইন এখনো আলোচনার মধ্যেই রয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘সংসদে পাশ হওয়া আইনে রাষ্ট্রপতির স্বাক্ষর একটি রুটিন কাজ। আইন পাশ হবার পরও এ বিষয়ে আলোচনার সুযোগ সবসময় থাকে, এখনও রয়েছে।’
‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি উত্থাপন করা হয়েছে’ উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘মানববন্ধন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। মানববন্ধন হোক বা না হোক, ডিজিটাল নিরাপত্তা আইন এখনো আলোচনার মধ্যেই রয়েছে।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।