জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে। সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, জাপান সফরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সভাপতি ও জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।

বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের অবদানের জন্য তারো আসোকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

এ সময় ২০০৬ সালে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কথাও স্মরণ করা হয়। সে সময় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারো আসোর সঙ্গে তাঁর সাক্ষাতের বিষয়টি উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

উপপ্রেস সচিব জানান, জাপানের সাবেক প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে তারো আসো বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রেখেছেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশের সঙ্গে তারো আসোর দীর্ঘদিনের ব্যক্তিগত যোগাযোগ দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করার পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

চলতি বছরের শুরুতে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের প্রসঙ্গও আলোচনায় আসে। বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে তারো আসোর সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এ সময় তারো আসো এবং জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সদস্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ধরনের সফর দুই দেশের সংসদীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্ব আরও গভীর করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সভাপতি তারো আসোর সঙ্গে জাপানের কয়েকজন জ্যেষ্ঠ সংসদ সদস্য এবং দেশটির ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটনবিষয়ক মন্ত্রী তাতসুনোরি ইবায়াশিও বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে টোকিওতে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ১৬ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।