বাংলাদেশ পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
আজ সকালে পুলিশ হেডকোয়ার্টার্স প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রীর উদ্যোগে নেওয়া ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ দেশব্যাপী এ বৃক্ষরোপণ কার্যক্রম হাতে নিয়েছে।
কর্মসূচির আওতায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট, পুলিশ ব্যারাক, আবাসিক এলাকা এবং অফিস চত্বরে উপযুক্ত স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। এর মধ্যে থাকবে ফলদ, বনজ ও ঔষধি গাছের পাশাপাশি পরিবেশ ও সৌন্দর্যবর্ধনে সহায়ক বিভিন্ন গাছ।
পুলিশ জানিয়েছে, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশের বনজ সম্পদের পরিমাণ বাড়ানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে জনসচেতনতা ও অংশগ্রহণ বাড়ানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





