ফেনীতে মাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক

ফেনীতে মাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক
ফেনীতে মাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক

ফেনীর দাগনভূঞায় ধারালো বটি দিয়ে কুপিয়ে সেতারা বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে তার মেয়ে রিনা আক্তার রানুর (৩৭) বিরুদ্ধে। এ ঘটনায় রানুকে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) রাতে উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের পূর্ব চন্দ্রপুর গ্রামের বাদশা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সেতারা বেগম ওই গ্রামের মৃত হোসেন আহমেদের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে রিনা আক্তার রানুর আচরণে অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল। সম্প্রতি তিনি তার স্বামীকেও মারধর করেন। পরে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য কিছুদিন আগে বাবার বাড়িতে নিয়ে আসেন। সেখানে তার মানসিক সমস্যাসহ বিভিন্ন বিষয়ে চিকিৎসা চলছিল বলে জানা গেছে।

রোববার রাতে হঠাৎ রানু ঘরের অন্য সদস্যদের একটি কক্ষে আটকে রেখে হাতে থাকা ধারালো বটি দিয়ে তার মাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই সেতারা বেগমের মৃত্যু হয়।

ঘটনার পর রানু বটি হাতে নিয়ে বাড়ির এক কক্ষ থেকে অন্য কক্ষে ছুটতে থাকেন এবং একটি কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে।

পরে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে বসতঘরের লোহার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। সেখান থেকে সেতারা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। একই ঘটনায় অভিযুক্ত রিনা আক্তার রানুকে আটক করা হয়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, অভিযুক্ত নারীর মানসিক সমস্যা থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। তাকে আটক করা হয়েছে এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।