রাজধানীতে অপরাধ ও মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৬৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন থানায় ৪৩টি মামলা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।
ডিএমপি সূত্রে জানা গেছে, রোববার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এতে রমনা বিভাগ থেকে ৩৬ জন, লালবাগ থেকে ৭৮ জন, ওয়ারী থেকে ৯৩ জন, মতিঝিল থেকে ৮২ জন, তেজগাঁও থেকে ৯২ জন, মিরপুর থেকে ১৪০ জন, গুলশান থেকে ৭৮ জন, উত্তরা থেকে ৫৭ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে ৪ হাজার ৬২১ পিস ইয়াবা, ৭১২ গ্রাম গাঁজা, ৩০ গ্রাম হেরোইন এবং আমদানি নিষিদ্ধ ৩০০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য ইস্কাফ জব্দ করা হয়।
এ ছাড়া অভিযানে একটি চায়নিজ কুড়াল, দুটি চাকু, একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ৩৩ হাজার ৮২০ টাকা উদ্ধার করেছে পুলিশ।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।





