সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার মান আরও সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বঙ্গভবনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য, প্রধান উপদেষ্টা ও বর্তমান ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।
সাক্ষাৎকালে অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন রাষ্ট্রপতিকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একাডেমিক কার্যক্রম ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন।
মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নিয়মিত বৃত্তি দেওয়া হচ্ছে বলেও রাষ্ট্রপতিকে জানান অধ্যাপক ফরাসউদ্দিন।
রাষ্ট্রপতি এ সময় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান ধরে রাখা ও আরও উন্নত করার আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে অধ্যাপক ফরাসউদ্দিন আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য, ট্রেজারার ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।





