প্রত্যেক শিক্ষার্থীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি।
বুধবার কাউখালী উপজেলার সরকারি কাউখালী কলেজের অডিটোরিয়ামে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, ভালো মানুষ হওয়ার অন্যতম শর্ত হলো দেশপ্রেম। শিক্ষাজীবন থেকেই শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও দায়িত্ববোধ গড়ে তুলতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে ভবিষ্যতে একজন সুনাগরিক হিসেবে নিজেকে প্রস্তুত করতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ভালো মানুষ হওয়ার পাশাপাশি দেশকে ভালোবাসতে হবে এবং দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখার মানসিকতা তৈরি করতে হবে।
এ সময় শিক্ষা ব্যবস্থার প্রসঙ্গ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে শিক্ষা ব্যবস্থার ক্ষতি হয়েছে। অটোপাসের মাধ্যমে শিক্ষার মানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির ও সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ। প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী, কলেজের শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





