টেলিটকের সেবার মান বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ

টেলিটকের সেবার মান বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ
টেলিটকের সেবার মান বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ

রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সুপারিশ করেছে জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

একই সঙ্গে নতুন প্রজন্মকে দক্ষ করে তোলা, কর্মসংস্থান সৃষ্টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বহুমুখী ব্যবহার নিশ্চিত করা এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে কমিটি।

বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে কমিটির সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন।

বৈঠকে ডাক বিভাগের ডাটাবেইজে নাগরিকদের ঠিকানা সংরক্ষণ, ব্রডব্যান্ড অবকাঠামো সম্প্রসারণ এবং নির্ভরযোগ্য ও সাশ্রয়ী ডিজিটাল সেবা নিশ্চিত করার বিষয় নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সক্ষম বাংলাদেশ গঠন, ডিজিটাল পেমেন্টের প্রসার, কলসেন্টারের মাধ্যমে গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং সাইবার নিরাপত্তা জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

দেশের শিশু-কিশোর ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে চলমান প্রকল্পগুলো আরও গতিশীল করার সুপারিশও করা হয়েছে।

বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার জনবল, কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডাক ও টেলিযোগাযোগ খাতের নীতি প্রণয়ন ও বাস্তবায়ন, ডাটা তরঙ্গ, টেলিযোগাযোগ শিল্প, পার্সেল সার্ভিস এবং ওয়াই-ফাই সেবার বর্তমান কার্যক্রম সম্পর্কে তথ্য তুলে ধরা হয়।

বিমানবন্দরগুলোতে ওয়াই-ফাই সেবা সম্প্রসারণ, ভূমি সেবার মানোন্নয়ন, ইন্টারনেট সেবার ব্যয় কমানোর পরিকল্পনা, বিটিসিএলের অব্যবহৃত সম্পদের কার্যকর ব্যবহার এবং ডাক বিভাগের পার্সেল সেবা বাড়ানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের প্রধান এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।