আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত
জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী মাসের মধ্যে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। প্রকল্পের বিভিন্ন কারিগরি বিষয় দ্রুত সমাধানে প্রায় চার হাজার রুশ বিশেষজ্ঞ ও প্রকৌশলী কাজ করছেন বলেও জানান তিনি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন রুশ রাষ্ট্রদূত।

বাংলাদেশ-রাশিয়া বিজনেস কাউন্সিল গঠনের উদ্যোগ

সাক্ষাতে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণে যৌথ ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ গঠনের আগ্রহ প্রকাশ করেন আলেকজান্ডার খোজিন।

এ ছাড়া দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে মস্কোতে ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম’ আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি। আগামী নভেম্বরের শুরুতে ঢাকায় অনুষ্ঠেয় আন্তঃসরকার কমিশনের বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানান রুশ রাষ্ট্রদূত।

আরও পড়ুনঃ ভারতসহ ১০ দেশের ওপর ১০০% পর্যন্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

তিনি বলেন, মস্কোতে আয়োজিতব্য ফোরামে বাংলাদেশের অংশগ্রহণকারী ব্যবসায়ীদের ব্যবসায়িক প্রোফাইল বিবেচনায় নিয়ে সরাসরি ব্যবসায়ী-ব্যবসায়ী বা বিটুবি বৈঠকসহ বিভিন্ন সেশনের আয়োজন করা হবে।

রাশিয়ার বাজারে নতুন পণ্য রপ্তানির আহ্বান

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার বাণিজ্য আরও বাড়াতে তৈরি পোশাকের পাশাপাশি নতুন সম্ভাবনাময় খাতগুলোতে নজর দেওয়ার আহ্বান জানান এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক।

তিনি রাশিয়ার বাজারে বাংলাদেশের ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য এবং সিরামিক রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে বাংলাদেশ থেকে রাশিয়ায় দক্ষ ও উপযুক্ত মানবসম্পদ রপ্তানির সুযোগ কাজে লাগানোর কথাও বলেন তিনি।

আরও পড়ুনঃ নৌকা প্রতীক স্থগিত, ১২০ প্রতীক সংরক্ষণ; একক প্রার্থীর ব্যালটে ‘না’

জবাবে রুশ রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে জেনেরিক ওষুধ আমদানির বিষয়ে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় আইনি ও প্রক্রিয়াগত বিষয় পর্যালোচনা করছে।

তিনি আরও বলেন, রাশিয়ার শীতপ্রধান আবহাওয়ার উপযোগী ভারী জুতা এবং বিভিন্ন ধরনের চামড়াজাত পণ্যের বাজারে ভালো চাহিদা রয়েছে।

প্রায় ৩ হাজার বাংলাদেশি কর্মীকে রাশিয়ার ভিসা

কৃষি, মৎস্য, জাহাজ নির্মাণ ও সেবা খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া প্রায় ৩ হাজার বাংলাদেশি কর্মীকে ভিসা দিয়েছে বলেও জানান আলেকজান্ডার খোজিন।

এর মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক ও জনশক্তি সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হয়েছে বলে বৈঠকে আলোচনা হয়।

শ্রীলঙ্কা এক্সপোতে বাংলাদেশি ব্যবসায়ীদের আমন্ত্রণ

এদিকে এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে পৃথক বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল উইরাক্কোডি।

বৈঠকে তিনি জানান, আগামী বছরের ১৪ থেকে ১৭ জানুয়ারি কলম্বোয় আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘শ্রীলঙ্কা এক্সপো ২০২৭’ অনুষ্ঠিত হবে। এ আয়োজনে এফবিসিসিআইয়ের নেতৃত্বে বাংলাদেশ থেকে একটি বাণিজ্য প্রতিনিধি দল পাঠানোর জন্য আমন্ত্রণ জানান তিনি।

এফবিসিসিআই প্রশাসক প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

দুই বৈঠকেই এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীরসহ রুশ দূতাবাস এবং শ্রীলঙ্কান হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

ডেস্ক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।