বান্দরবান প্রতিনিধি: পার্বত্য দুর্গম এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও যোগাযোগব্যবস্থা সহজ করতে বান্দরবানে প্রায় পৌনে দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি গুরুত্বপূর্ণ অবকাঠামোর উদ্বোধন করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে নির্মিত ‘ক্রাউ আমতলী পাড়া সেতু’ এবং ‘ডলুপাড়া আরসিসি সড়ক’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
গতকাল আয়োজিত অনুষ্ঠানে প্রকল্প দুটির ফলক উন্মোচন করে উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু।
সংশ্লিষ্টরা জানান, কুহালং এলাকার দুটি অবকাঠামো নির্মাণে মোট ১ কোটি ৬৫ লাখ টাকা ব্যয় হয়েছে। সেতু ও পাকা আরসিসি সড়ক চালু হওয়ায় দুর্গম এলাকার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি স্থানীয় যোগাযোগব্যবস্থায় গতি আসবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেন, পার্বত্য অঞ্চলের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং তাদের জীবনমানের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে।
তিনি বলেন, পার্বত্য এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সড়ক যোগাযোগসহ বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। এসব উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান, নির্বাহী প্রকৌশলী, বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।





