কেমিক্যাল ও শিল্পজাত কাঁচামাল উৎপাদনকারী প্রতিষ্ঠান রেডমিন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে ঢাকায়।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সামিটে রেডমিন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ডিস্ট্রিবিউটররা অংশ নেন।
২০২২ সালে যাত্রা শুরু করা রেডমিন ইন্ডাস্ট্রিজ লিমিটেড কেমিক্যাল, অ্যাডহেসিভ, থিনার, ইন্ডাস্ট্রিয়াল ও কমার্শিয়াল সলিউশন, প্রিন্টিং-প্যাকেজিং ইঙ্ক, হট মেল্ট গ্লু, হাইজিন গ্লু, খেলনা, বেবি প্রোডাক্ট এবং কৃষিপণ্যসহ বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন ও সরবরাহ করে আসছে।
প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য হলো দেশের কেমিক্যাল ও শিল্পজাত সমাধান খাতকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর করে তোলা। পাশাপাশি দেশীয়ভাবে মানসম্মত পণ্য উৎপাদনের মাধ্যমে আমদানি নির্ভরতা কমানো, শিল্পখাতে নতুন সম্ভাবনা সৃষ্টি এবং কর্মসংস্থান বাড়াতেও কাজ করছে প্রতিষ্ঠানটি।
রেডমিন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী, ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি, পরিচালক রাইসা সিগমা হিমা, পরিচালক রিফাহ তাসনিয়া স্বর্ণা, চিফ বিজনেস অফিসার মো. জহুরুল হকসহ দেশের বিভিন্ন প্রান্তের ডিস্ট্রিবিউটররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে অতিথিদের সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শী।
রেডমিন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি বলেন, “উদ্ভাবন ও গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদনই রেডমিনের প্রধান শক্তি।
গবেষণা ও উন্নয়ন, পণ্য উন্নয়ন এবং কারিগরি সহায়তা দলের সহযোগিতায় উৎপাদনসংক্রান্ত জটিলতায় দ্রুত, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী সমাধান দেওয়ার চেষ্টা করছি।”
তিনি আরও বলেন, ক্রেতাদের আধুনিক জীবনযাত্রার উপযোগী নিরাপদ, পরিবেশবান্ধব ও উন্নত পণ্য তৈরিতে রেডমিন প্রতিশ্রুতিবদ্ধ। এ সামিটের মাধ্যমে শিল্পখাতে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ডিস্ট্রিবিউটরদের অংশগ্রহণে আয়োজিত এ সামিট দেশের কেমিক্যাল ও ইন্ডাস্ট্রিয়াল সলিউশন খাতের উন্নয়ন এবং শিল্পখাতে নতুন সম্ভাবনা তৈরিতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।





