জাতিসংঘ সফরে বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থ তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

জাতিসংঘ সফরে বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থ তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
বাংলাদেশের স্বার্থ তুলে ধরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও অগ্রাধিকারগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

রোববার (২৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

মাহদী আমিন বলেন, চার দিনের নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী মোট ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে ১১টি ছিল বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। এ ছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদ-সংশ্লিষ্ট আটটি কর্মসূচি এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক কার্যক্রমেও তিনি অংশ নেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা মিলিয়ে প্রায় ৮০টি কর্মসূচিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

তিনি জানান, এসব বৈঠক ও কর্মসূচিতে বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তিসহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় আসে।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া প্রথম ভাষণে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তরুণ ও নারীদের জন্য সরকারের বিভিন্ন নীতি ও পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে।

জাতিসংঘে দেওয়া বক্তব্যে বিশ্বশান্তি, ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নের বিষয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি সমৃদ্ধ, স্বনির্ভর ও জনকল্যাণমুখী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

সফরকালে রোহিঙ্গা সংকট, জলবায়ু মোকাবিলা, ন্যায়সঙ্গত উত্তরণ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং মা ও নবজাতকের স্বাস্থ্য ও ধাত্রীসেবা নিয়ে আয়োজিত বিভিন্ন উচ্চপর্যায়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বক্তব্য দেন বা অংশ নেন।

মাহদী আমিন আরও বলেন, বিশ্বশান্তি ও ফিলিস্তিন ইস্যুতেও প্রধানমন্ত্রী বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রীর ভাষণের সময় বাংলাদেশ প্রতিনিধিদলের সভাকক্ষ ত্যাগের ঘটনাকেও ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের অবস্থানের প্রকাশ হিসেবে উল্লেখ করেন তিনি।

সফরকালে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বাংলাদেশের প্রতি সহযোগিতা ও সমর্থনের আশ্বাস পাওয়া গেছে বলেও জানান মাহদী আমিন। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেছে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান।

তিনি বলেন, দীর্ঘ সময় পর জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

মাহদী আমিন জানান, নিউইয়র্ক সফরে উপস্থাপিত নীতি, কর্মসূচি ও পরিকল্পনাগুলো এখন বাস্তবায়নের দিকে এগিয়ে নেওয়ার কাজ করবে সরকার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।