পঞ্চগড় জেলা শহরে স্থানীয় বিএনপির দুই সংসদ সদস্যের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শহরের এমআর কলেজ মোড় এলাকায় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তেঁতুলিয়া বাসস্ট্যান্ড থেকে বের হওয়া একটি মিছিল এমআর কলেজ মোড়ে পৌঁছালে অপর পক্ষের সাথে কথা-কাটাকাটির একপর্যায়ে লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষ শুরু হয়। রাত ১২টা পর্যন্ত দফায় দফায় চলে এ ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
আহতদের মধ্যে ১১ জনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আঘাত প্রাপ্ত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের কর্মী।
দলীয় সূত্রে জানা যায়, সকালে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় বোদা উপজেলা বিএনপির নেতাদের বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া হট্টগোলের জেরে রাতে এ সহিংসতা ছড়ায়।
পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ জানান, অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।





