আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সামাজিক সুরক্ষা ভাবনা তুলে ধরলেন জহির উদ্দিন স্বপন

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সামাজিক সুরক্ষা ভাবনা তুলে ধরলেন জহির উদ্দিন স্বপন
বাংলাদেশের সামাজিক সুরক্ষা ভাবনা

বাংলাদেশের সামাজিক সুরক্ষা কর্মসূচির অভিজ্ঞতা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

দেশের শীর্ষস্থানীয় গবেষণা ও নীতিবিষয়ক প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’-এর একটি সেমিনারে তিনি প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন। সম্মেলনটি ৩ থেকে ৫ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এবং এতে ১০০টির বেশি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া আন্তর্জাতিক এ সম্মেলনে সাবেক রাষ্ট্রপ্রধান, সাবেক প্রধানমন্ত্রী, কূটনীতিক, নীতিনির্ধারক, গবেষক, ব্যবসায়ী, প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

‘বাংলাদেশে ফ্যামিলি কার্ডসহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির অভিজ্ঞতা ও পরবর্তী করণীয়’ শীর্ষক আলোচনায় বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন জহির উদ্দিন স্বপন। আলোচনাটি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) সঞ্চালনা করে।

সেমিনারে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), মালয়েশিয়া, মালদ্বীপ, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)সহ বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনায় বাংলাদেশের সামাজিক সুরক্ষা কর্মসূচির বাস্তব অভিজ্ঞতা, সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার পদ্ধতি, নীতিগত চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়।

এর আগে সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সবচেয়ে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়ার কথা তুলে ধরেন। তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারের মায়েদের হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে কৃষকদের জন্য ফার্মার কার্ড এবং স্বাস্থ্যসেবার জন্য হেলথ কার্ডের কথাও তুলে ধরেন তিনি।

আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থার অভিজ্ঞতা উপস্থাপনের মাধ্যমে বিভিন্ন দেশের নীতিনির্ধারক ও বিশেষজ্ঞদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

বিশেষ প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।