নাগরিকদের সরকারি সেবা নিতে যেন একাধিক দপ্তরে গিয়ে হয়রানির শিকার হতে না হয়, সে জন্য সমন্বিত ও সহজ সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
রোববার (৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এর দ্বিতীয় দিনের কর্মঅধিবেশনের একটি সেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, রাষ্ট্রকে নাগরিকের ঝুঁকি ও দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি স্বচ্ছ ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে মানুষের প্রয়োজনীয় সহায়তা তাদের কাছে পৌঁছে দেওয়ার কার্যকর উদ্যোগ থাকা জরুরি।
তিনি জানান, জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল প্রণয়নের পর বাংলাদেশ ইতোমধ্যে এর প্রথম ১০ বছরের অভিজ্ঞতা অর্জন করেছে। সেই অভিজ্ঞতার আলোকে সরকার নতুন সামাজিক নিরাপত্তা কৌশল তৈরির কাজ করছে। এ বিষয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), ইউএনডিপিসহ বিভিন্ন উন্নয়ন সহযোগীর সঙ্গে অভিজ্ঞতা ও উদ্যোগ বিনিময় করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে শুধু রাষ্ট্রের পক্ষ থেকে সহায়তা বা অনুদান দেওয়ার ব্যবস্থা হিসেবে দেখলে চলবে না। এর মাধ্যমে মানুষের মানবিক মর্যাদা রক্ষা, প্রতিকূলতা মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি, উৎপাদনশীলতা বাড়ানো এবং সামাজিক সম্প্রীতি নিশ্চিত করার লক্ষ্য থাকতে হবে।
তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনটির আয়োজন করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।





