মাদকের ছোবল থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে যশোরের বেনাপোলে জমজমাট ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৩ অক্টোবর) যশোরের বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় শার্শা থানার ১৬ টি দল অংশ নেয়।
দিনভর প্রতিদ্বন্দ্বিতার পর রাত ১২ টার দিকে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় ব্যতিক্রমী এ আয়োজন।
সকাল ১০টায় শুরু হওয়া প্রতিযোগিতায় প্রতিটি দল ১২০০ টাকা ফি দিয়ে অংশ নেয়। খেলায় জয়ী হওয়ার জন্য ৩৯ পয়েন্ট নির্ধারণ করা হয়।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় গভীর রাত হওয়ায় বেনাপোলের আবু ফেরদৌস ও সাহেব জুটি এবং খড়িডাঙ্গার রাজু জুটিকে যৌথভাবে বিজয়ী ঘোষণা হয়।
চ্যাম্পিয়ন দুই দলকে পুরস্কার হিসেবে ৭ হাজার ৫০০ টাকা দেওয়া হয়। আর দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আবু ফেরদৌসকে দেওয়া হয় সেরা খেলোয়াড়ের পুরস্কার।
বিজয়ী আবু ফেরদৌস বলেন, “মাদকের ছোবলে আজ যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এ অবস্থা থেকে যুবকদের দূরে রাখার অন্যতম কার্যকর পথ হচ্ছে খেলাধুলা। তাই ৩ নম্বর ওয়ার্ডের যুবসমাজের এমন উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।”
প্রতিযোগিতার আয়োজক কমিটির সদস্য সাহেব আলী বলেন, “খেলাধুলা মানুষের মধ্যে সামাজিক বন্ধন দৃঢ় করে এবং যুবসমাজকে মাদকসহ নানা অপরাধ থেকে দূরে রাখে। তাই এই ধরনের আয়োজন এর সাথে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি।”
আয়োজকরা জানান, সকাল ১০ টায় শুরু হয়ে প্রায় ১২ ঘণ্টা ধরে চলে প্রতিযোগিতা। দীর্ঘ সময়ের খেলায় দর্শকদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। রাতে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় ব্যতিক্রমী এ ক্যারাম প্রতিযোগিতা।





