অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের প্রয়াণে পূজা উদযাপন পরিষদের গভীর শোক

অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের প্রয়াণে পূজা উদযাপন পরিষদের গভীর শোক
অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের প্রয়াণে পূজা উদযাপন পরিষদের গভীর শোক

বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট শিক্ষাবিদ ও কূটনীতিক অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটি।

শনিবার (৩ অক্টোবর ২০২৬) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক পরলোকগমন করেন।

তিনি ছিলেন নেপালে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সাবেক প্রাধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের প্রবীণ শিক্ষক। পাশাপাশি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা, সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সর্বজনীন পূজা কমিটির সাবেক সভাপতির দায়িত্ব পালনকালে সংগঠন দুটির সাংগঠনিক বিকাশ ও কার্যক্রম সম্প্রসারণে অধ্যাপক ভৌমিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবিক সমাজ প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও তিনি সক্রিয় ছিলেন। সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার ও ধর্মীয় সম্প্রীতি রক্ষার ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

এক যৌথ শোকবার্তায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা এবং মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী গোপাল চন্দ্র দেবনাথ ও সাধারণ সম্পাদক শ্রী শুভাশিস কুমার বিশ্বাস সাধন বলেন, অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের মৃত্যুতে দেশ একজন প্রাজ্ঞ শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা, অভিজ্ঞ কূটনীতিক এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনার বিশিষ্ট ব্যক্তিত্বকে হারিয়েছে।

নেতৃবৃন্দ বলেন, শিক্ষাঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ হিসেবে এবং আন্তর্জাতিক অঙ্গনে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে অধ্যাপক ভৌমিকের অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। দেশ ও মানুষের কল্যাণে তাঁর দীর্ঘ কর্মময় জীবন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

তাঁরা আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা, মুক্তিযুদ্ধের মূল্যবোধ সমুন্নত রাখা এবং একটি মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের প্রচেষ্টায় অধ্যাপক নিম চন্দ্র ভৌমিকের অবদান বিশেষভাবে স্মরণীয়। তাঁর মৃত্যুতে অসাম্প্রদায়িক নাগরিক সমাজ, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ এবং সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে গভীর শূন্যতা তৈরি হয়েছে।

শোকবার্তায় তাঁর বিদেহী আত্মার চিরশান্তি ও সদগতি কামনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী, শুভানুধ্যায়ী, অনুরাগী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

নেতৃবৃন্দ পরম সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন, তিনি যেন শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও গভীর শোক সহ্য করার শক্তি প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

বিশেষ প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।