মিঠাপুকুরে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসনকে সনাতনী সম্প্রীতি সংঘের কৃতজ্ঞতা

মিঠাপুকুরে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসনকে সনাতনী সম্প্রীতি সংঘের কৃতজ্ঞতা
মিঠাপুকুরে শারদীয় দুর্গোৎসব ২০২৬

শারদীয় দুর্গোৎসব-২০২৬ শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় মিঠাপুকুর উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব দপ্তর ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সনাতনী সম্প্রীতি সংঘ। এ উপলক্ষে সোমবার (২৬ অক্টোবর) উপজেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ পারভেজের কাছে ‘কৃতজ্ঞ চিত্তে সম্প্রীতিময় স্মারক উপহার’ ও কৃতজ্ঞতাপত্র প্রদান করা হয়।

সনাতনী সম্প্রীতি সংঘের পক্ষে সংগঠনটির উদ্যোক্তা শ্রী লক্ষণ চন্দ্র বর্মন এ স্মারক উপহার নিবেদন করেন। এ সময় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

কৃতজ্ঞতাপত্রে ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’ প্রতিপাদ্য তুলে ধরে বলা হয়, রাষ্ট্রীয় নির্দেশনা অনুসরণ, সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর দায়িত্বশীল ভূমিকা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং পূজারি, মন্দির কমিটি ও স্বেচ্ছাসেবীদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলা ১৪৩৩ সনের শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে নির্বিঘ্নে সার্বজনীন দুর্গোৎসব সম্পন্ন করতে মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সংশ্লিষ্ট সরকারি বিভাগ, গণমাধ্যমকর্মী, প্রেস ও বিভিন্ন সেবাদানকারী সংস্থার ভূমিকা প্রশংসনীয়। সবার সমন্বিত উদ্যোগ উৎসবের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহমর্মিতার বন্ধন সুদৃঢ় করেছে।

কৃতজ্ঞতাপত্রে বলা হয়, শারদীয় দুর্গোৎসবের এই সম্প্রীতির চর্চা একটি মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে। রাষ্ট্রীয় নির্দেশনা মেনে উৎসব উদযাপনে পূজারি, মন্দির পরিচালনা কমিটি ও বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠনের দায়িত্বশীল ভূমিকারও প্রশংসা করা হয়। পাশাপাশি ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’—এই সম্প্রীতির বার্তা রাজনৈতিক দলগুলোর মধ্যেও প্রতিফলিত হওয়ায় কৃতজ্ঞতা জানানো হয়।

কৃতজ্ঞতাপত্র গ্রহণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ পারভেজ বলেন, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া সবার সম্মিলিত অর্জন। এ সাফল্যের জন্য সংশ্লিষ্ট সব দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি ও সাধারণ মানুষের অবদান রয়েছে। এ উদ্যোগের জন্য তিনি সনাতনী সম্প্রীতি সংঘকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান, অফিসার ইনচার্জ (ওসি), ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মওলানা এনামুল হক, উপজেলা জামায়াতের আমির মোঃ আসাদুজ্জামান শিমুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সংশ্লিষ্টদের মতে, উৎসবকেন্দ্রিক এমন উদ্যোগ প্রশাসন ও নাগরিক সমাজের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক সংহতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা আরও সুদৃঢ় করবে। দেশ-বিদেশের মানুষের মধ্যে সত্য, সুন্দর ও মানবিক মূল্যবোধের আলোয় শারদীয় দুর্গোৎসবের সম্প্রীতির বন্ধন অটুট থাকুক—এ প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

রংপুর প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।